পারমাণবিক সাবমেরিনে বড় বিনিয়োগ, নৌ শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া
নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে অস্ট্রেলিয়া সরকার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া AUKUS নিরাপত্তা চুক্তির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি আধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র (শিপইয়ার্ড) স্থাপনের জন্য সরকার প্রাথমিকভাবে ৩.৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী এ অর্থকে প্রকল্পের ‘ডাউন পেমেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
দীর্ঘমেয়াদি এই সাবমেরিন প্রকল্পের মোট ব্যয় আগামী কয়েক দশকে প্রায় ৩০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের বিদ্যমান সাবমেরিন বহর আধুনিকায়ন করতে চায়।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে। এছাড়া ২০৩০ সালের দিকে অস্ট্রেলিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন ক্রয় করবে।
পরবর্তীতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান—বে সিস্টেমস এবং এএসসি—যৌথভাবে নতুন প্রযুক্তির সাবমেরিন তৈরি করবে। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশটির সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি অ্যাডিলেডের শিপইয়ার্ড প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
পেন্টাগনের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, অস্ট্রেলিয়া দ্রুতগতিতে পারমাণবিক সাবমেরিন সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স