শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বকিউবার হাভানার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

কিউবার হাভানার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
কিউবার হাভানার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

কিউবার রাজধানী হাভানার একটি প্রধান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হাভানার ‘নিকো লোপেজ’ শোধনাগারে আগুন লাগে। তবে দ্রুত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং শোধনাগারের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।


সম্প্রতি দেশটি তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এর মধ্যেই এই অগ্নিকাণ্ড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


কিউবা তাদের মোট জ্বালানি চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ নিজস্বভাবে উৎপাদন করতে পারে; বাকি অংশ আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।


জ্বালানির অভাবে কিউবায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। ফলে বাস, ট্রেন, স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এমনকি হাসপাতালের সেবাও সীমিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মীদের সপ্তাহে মাত্র চার দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে কিউবায় বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। যদিও মেক্সিকো থেকে সহায়তা হিসেবে দুটি তেলবাহী জাহাজ পৌঁছেছে, তবুও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।


এদিকে কিউবার সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহকারী দেশগুলোকে চাপ দিচ্ছে যাতে তারা কিউবায় তেল পাঠানো থেকে বিরত থাকে। তাদের দাবি, এটি কিউবার জনগণের ওপর ‘অমানবিক শাস্তি’।


সূত্র: আল জাজিরা