রিটের পর হাইকোর্টের আদেশ: পুরো রমজান মাসে স্কুল বন্ধ
পুরো পবিত্র রমজান মাসজুড়ে, অর্থাৎ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে এম ফয়েজ, আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। গত ৫ জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠিয়ে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানান।
নোটিশে বলা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ মানুষ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২(১) অনুযায়ী প্রথা ও রীতিও আইনের অংশ হিসেবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করা হয়। তাই রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
এ ছাড়া রিটে বলা হয়, রোজা রেখে শিক্ষার্থীদের সারাদিন স্কুলে যাওয়া ও ক্লাস করার ফলে তারা শারীরিক কষ্টের মুখোমুখি হতে পারে, যা ধর্মীয় চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল চালু থাকলে শহর এলাকায় যানজট বাড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।
আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়।