চীনে প্রবেশে ভিসা লাগবে না ব্রিটিশ ও কানাডিয়ানদের
যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ চালু করার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে দুই দেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।
রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন এই নীতি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় যুক্তরাজ্য ও কানাডার নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সাংস্কৃতিক বিনিময় কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন চীনে অবস্থান করতে পারবেন।
সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বেইজিং সফর করেন। সফরকালে তারা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বিষয়টি গুরুত্ব দেন।
চীনা প্রেসিডেন্ট শি চিনপিংসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীরাই আলোচনার অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ভিসামুক্ত প্রবেশাধিকার সেই আলোচনার অন্যতম ফল বলে ধারণা করা হচ্ছে।
চীন জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও সহজ হবে।