হরমুজ প্রণালীতে ইরানের বড় সামরিক মহড়া, আঞ্চলিক উত্তেজনায় বাড়ছে আন্তর্জাতিক নজর
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘স্ট্র্যাটেজিক কন্ট্রোল অফ দ্য হরমুজ স্ট্রেইট’ নামের এই মহড়ায় আইআরজিসির নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ ও বিশেষ ইউনিট অংশ নিচ্ছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ মহড়া আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মহড়ার লক্ষ্য হিসেবে প্রস্তুতি যাচাই, নিরাপত্তা পরিকল্পনা মূল্যায়ন এবং সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলার অনুশীলনের কথা বলা হয়েছে।
আইআরজিসির প্রধান কর্মকর্তা জেনারেল মোহাম্মদ পাকপৌরের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালিত হচ্ছে। এমন সময়ে এই মহড়া শুরু হয়েছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় পরোক্ষ পরমাণু আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে এবং অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।
ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য আলোচনায় ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। জ্বালানি সরবরাহের প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালীতে যেকোনো সামরিক কার্যক্রম বিশ্বজুড়ে নজর কাড়ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি