শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, বলছে দুই পক্ষ

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, বলছে দুই পক্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, বলছে দুই পক্ষ

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মূল নীতিগুলো’ নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। জেনেভায় পরোক্ষ আলোচনার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রও আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা স্বীকার করেছে।


মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কারিগরি বিষয়সহ ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়েছে।


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে; যদিও তেহরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।


সুইজারল্যান্ডে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের আগে ইরান জানায়, তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নসহ অন্যান্য নিরাপত্তা ইস্যুও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায়।


যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্রগতি হলেও এখনও বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। ইরান আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব নিয়ে আসতে পারে বলেও জানা গেছে।


এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনার কিছু দিক ইতিবাচক হলেও এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, ইরান চুক্তিতে আগ্রহী, যদিও তিনি সামরিক চাপের কথাও উল্লেখ করেন।


গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একই সময়ে ইরানও হরমুজ প্রণালী এলাকায় সামরিক মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করেছে। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চলছে।


সূত্র: বিবিসি বাংলা