মসজিদের ভেতর থেকে ইমাম গ্রেফতার, ক্ষোভ মুসলিম বিশ্বে
আল-আকসা মসজিদের এক ইমামকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয়, যা ঘিরে পুরোনো জেরুজালেম এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করা হয়। তবে গ্রেফতারের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের চলাচলে কড়াকড়ির পাশাপাশি প্রবেশে নানা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের প্রবেশও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
পবিত্র মাহে রমজান শুরুর আগে এমন পদক্ষেপে মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছেন, রমজান মাসে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রশাসন।
এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এক বিবৃতিতে দাবি করেছে, আটক ইমামের ওপর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে মসজিদের প্রস্তুতিমূলক কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে।