ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেখা ও ব্রাউজিংয়ে ত্রুটি, সেবা এখন স্বাভাবিক
বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব-এ হঠাৎ ভিডিও দেখা এবং ব্রাউজিংয়ে সমস্যা দেখা দেয়। তবে পরবর্তীতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটি সমাধান হয়েছে এবং বর্তমানে ইউটিউব সেবা স্বাভাবিক আছে। তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যবহারকারীরা অভিযোগ করতে শুরু করেন, ভিডিও দেখা যাচ্ছে না, হোমপেজে সার্চের কনটেন্ট লোড হচ্ছে না এবং অ্যাপ ঠিকমতো কাজ করছে না।
আউটেজ-পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৩ লাখ ২০ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন। তবে এই সংখ্যা স্বপ্রণোদিত রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা ভিন্ন হতে পারে।
পরবর্তীতে ইউটিউব জানিয়েছে, সমস্যার মূল কারণ ছিল তাদের রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটি। এর কারণে হোমপেজ, সার্চ ও অন্যান্য জায়গায় ভিডিও দেখা যাচ্ছিল না। তবে টেকনিক্যাল টিম দ্রুত সমস্যাটি শনাক্ত ও সমাধান করেছে। বর্তমানে ইউটিউব ডটকম, মোবাইল অ্যাপ, ইউটিউব মিউজিক, ইউটিউব কিডস এবং টিভি—সব সেবাই স্বাভাবিক।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মেক্সিকোতে ব্যবহারকারীরা একই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন। ডাউনডিটেক্টর-এও এসব দেশের অভিযোগ প্রতিফলিত হয়েছে।
ইউটিউব এখনও ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি। তবে তারা নিশ্চিত করেছে, সেবা বর্তমানে পুরোপুরি স্বাভাবিক। ব্যবহারকারীর অভিযোগ দ্রুত কমে আসা থেকে ধারণা করা যায়, সমস্যা সীমিত সময়ের মধ্যে সমাধান করা হয়েছে।