গ্লোবাল কম্পিটিটিভনেসের জন্য শিক্ষায় রূপান্তর, জানিয়েছেন মিলন
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ নেওয়ার পর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অল্প কিছু দিন অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, তাঁর লক্ষ্য হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। তিনি বলেন, “আমরা একটি গ্লোবাল ভিলেজে বসবাস করছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে নিয়ে আসতে হবে। শিক্ষা এখন আর স্থানীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক কমোডিটি।”
এহসানুল হক মিলন বলেন, দেশের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং বায়োটেকনোলজিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার লিংকিংস জোরদার করা হবে এবং টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং)-কে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
তিনি যোগ করেন, “শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতেই হবে। এটি আন্তর্জাতিক মানের সঙ্গে মানিয়ে নিতে হবে; বিকল্প নেই।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি জনগণের পাশে কাজ করবেন এবং দেশের প্রতিটি উপজেলা শুধু শিক্ষা নয়, মাদক, দুর্নীতি ও অন্যান্য ক্ষেত্রে উন্নত করা হবে।
উল্লেখ্য, আ ন ম এহসানুল হক মিলন ২০০১ সালে মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।