শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান

ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’-এ অংশ নেবে না ভ্যাটিকান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করেছেন। তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


শুরুতে বোর্ডটি গঠিত হয়েছিল হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ও পুনর্গঠন তদারকির জন্য। তবে পরে এর লক্ষ্য সম্প্রসারিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে নেওয়া হয়। সমালোচকদের আশঙ্কা, এটি হতে পারে জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী কাঠামো।


ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন বলেন, “বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘই প্রধান ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে সংকট ব্যবস্থাপনার দায়িত্ব অবশ্যই জাতিসংঘের হাতেই থাকা উচিত।”


গত জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর দাভোস সম্মেলনে ট্রাম্প ‘শান্তি বোর্ড’ চালুর ঘোষণা দেন। এরপর অন্তত ১৯টি দেশ প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে। স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন ডলার করে দিতে বলা হয়েছে।


এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো নিয়েও সমালোচনা সৃষ্টি হয়েছে, কারণ রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল।