শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষানকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

favicon
ভোরের আলো ডেস্ক:
নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতীতের মতো এ ধরনের অনিয়ম আর ফিরে আসবে না বলে তিনি বিশ্বাস করেন।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর গুরুত্ব বাড়ানো এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস শিক্ষায় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিত করা। তাই শিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো সম্ভব নয়; বিশ্ব এখন একটি গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কাঠামো গড়ে তুলতে হবে।


এ জন্য শিক্ষা খাতকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নের কাজ শুরু হবে বলে জানান তিনি।


শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে সে বিষয়ে মন্তব্য না করলেও বর্তমান সময়ে দুর্নীতির সুযোগ থাকবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।


বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সময়মতো এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।