শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বগাজায় ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ নিহত ইসরায়েলি সেনা, তদন্ত শুরু

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ নিহত ইসরায়েলি সেনা, তদন্ত শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ নিহত ইসরায়েলি সেনা, তদন্ত শুরু

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় সামরিক অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও চলমান সামরিক তৎপরতার মধ্যে এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওফরি ইয়াফে (২১)। তিনি প্যারাট্রুপারস ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটের সদস্য ছিলেন। তার বাড়ি জেজরেল ভ্যালির হায়োগেভ মোশাভ এলাকায়।


আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিসের ইয়েলো লাইনের কাছে হামাসের অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত তল্লাশি অভিযানে প্যারাট্রুপারস ব্রিগেডের দুটি দল অংশ নেয়। রাত প্রায় ২টার দিকে বিভ্রান্তির কারণে একটি দল অন্য দলকে শত্রু ভেবে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইয়াফে।


তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয় বলে সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার বিস্তারিত কারণ এখনও তদন্তাধীন।


ইসরায়েলি সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৯২৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন ৪৭১ জন।


গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী শত শতবার গোলাবর্ষণ ও গুলির মাধ্যমে চুক্তি লঙ্ঘন করেছে। এতে যুদ্ধবিরতির সময়েই ৬০৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন বলে তারা জানিয়েছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল।