ইরানকে ঘিরে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর, ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা
ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যুদ্ধ প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, তিনি বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং দেশের নিরাপত্তা সংস্থাগুলোতে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যুতে গত বৃহস্পতিবার নির্ধারিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ স্থগিত করে আগামী রবিবারে নেওয়া হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাতটি মার্কিনিদের ধারণার চেয়েও বড় আকার নিতে পারে এবং দ্রুতই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
এক্সিওস আরও জানিয়েছে, পরিকল্পিত হামলাটি সীমিত আকারের নয়; বরং কয়েক সপ্তাহব্যাপী বিস্তৃত সামরিক অভিযান হতে পারে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছিল, সম্ভাব্য ইরান অভিযান তার চেয়ে অনেক বড় ও ব্যাপক হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।