২০২৬ শিক্ষাবর্ষের নতুন ছুটির তালিকা প্রকাশ, বছরে মোট ছুটি ৬৭ দিন
সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক শুক্রবার ও শনিবারের ছুটি ছাড়া বছরে মোট ৬৭ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। বড় ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, যা আজ থেকেই কার্যকর হয়েছে।
এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসে নির্ধারিত ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও উল্লেখ করা হয়েছে। অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না এবং বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; বাইরের প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজন ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না; প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা বা ক্লাস বন্ধ রাখা যাবে না। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও নিষিদ্ধ করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।