শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বরমজানে আল-আকসায় ১০ হাজার মুসল্লিকে জুমার নামাজের অনুমতি ইসরায়েলের

রমজানে আল-আকসায় ১০ হাজার মুসল্লিকে জুমার নামাজের অনুমতি ইসরায়েলের

favicon
ভোরের আলো ডেস্ক:
রমজানে আল-আকসায় ১০ হাজার মুসল্লিকে জুমার নামাজের অনুমতি ইসরায়েলের

পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত জানানো হয়। খবর দিয়েছে আরব নিউজ।


তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, কেবল ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুরা (প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে) প্রবেশের অনুমতি পাবেন।


অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ‘সিওজিএটি’ এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে নির্ধারিত সংখ্যক মুসল্লিকে টেম্পল মাউন্ট এলাকায় প্রবেশের সুযোগ দেওয়া হবে।


রমজান মাসে সাধারণত লক্ষাধিক ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত এই মসজিদ পূর্ব জেরুজালেমে অবস্থিত, যা ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে এবং পরে সংযুক্ত করে—যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।