শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইতালির ‘ক্লিক ডে’ সম্পন্ন: কঠোর শর্তে কম আবেদন, অনুমোদন জটিলতায় অবৈধ হচ্ছেন বহু শ্রমিক

ইতালির ‘ক্লিক ডে’ সম্পন্ন: কঠোর শর্তে কম আবেদন, অনুমোদন জটিলতায় অবৈধ হচ্ছেন বহু শ্রমিক

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতালির ‘ক্লিক ডে’ সম্পন্ন: কঠোর শর্তে কম আবেদন, অনুমোদন জটিলতায় অবৈধ হচ্ছেন বহু শ্রমিক

ইতালিতে ২০২৬–২০২৮ মেয়াদের তিন বছরব্যাপী কর্মসূচির আওতায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপের ‘ক্লিক ডে’ শেষ হয়েছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্ধারিত এক লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটায় বিভিন্ন খাতে অনলাইনে আবেদন গ্রহণ সম্পন্ন হয়।


তবে কঠোর শর্ত ও জটিল আবেদন প্রক্রিয়ার কারণে এবার প্রত্যাশার তুলনায় আবেদন কম জমা পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের ধারণা, যারা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।


অন্যদিকে প্রশাসনিক জটিলতা ও ‘ক্লিক ডে’ পদ্ধতির সীমাবদ্ধতার কারণে ইতালিতে অনেক বিদেশি শ্রমিক অবৈধ অবস্থায় পড়ছেন। দেশটির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে।


ইতালি সরকার অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রতি বছর নির্দিষ্ট কোটা নির্ধারণ করে স্পন্সর ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিকদের প্রবেশের অনুমতি দেয়। তবে বাস্তবে অনুমোদনের হার তুলনামূলকভাবে কম।


সিনেটে উপস্থাপিত ‘এরো স্ত্রানিয়েরো’ নামের একটি প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে স্পন্সর ভিসার কোটা ছিল ১ লাখ ৪৬ হাজার ৮৫০। এর মধ্যে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছেন মাত্র ২৪ হাজার ৮৫৮ জন—যা মোটের ১৬ দশমিক ৯ শতাংশ।


২০২৫ সালে কোটা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৪৫০ করা হলেও অনুমোদন পান মাত্র ১৪ হাজার ৩৪৯ জন। এ ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনের হার নেমে আসে ৭ দশমিক ৯ শতাংশে।


বিশ্লেষকদের মতে, ইতালির অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও জটিল প্রশাসনিক প্রক্রিয়া ও বিলম্বের কারণে অনেকেই বৈধ কাগজপত্র না পেয়ে অনিশ্চয়তার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।


এ অবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত ও স্বচ্ছ পদ্ধতিতে ভিসা এবং থাকার অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা।


সূত্র: ইনফোমাইগ্রেন্টস