শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমশিক্ষাঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন ড. নিয়াজ আহমদ খানের

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন ড. নিয়াজ আহমদ খানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন ড. নিয়াজ আহমদ খানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। একই সঙ্গে তিনি তাঁর মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্বে ফেরার অনুরোধ জানিয়েছেন।


রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আবেদনপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।


সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা-গবেষণার উন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এ ক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।


উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সামগ্রিক শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় শিক্ষামন্ত্রী দেশের ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।


এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছিলেন, নির্বাচনের আগে হঠাৎ করে কোনো শূন্যতা তৈরি করতে চান না; বরং সরকারকে প্রয়োজন অনুযায়ী প্রশাসন পুনর্গঠনের সুযোগ দিতে চান। একই সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বিশেষ অনুরোধ জানান।


তিনি আরও উল্লেখ করেছিলেন, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে একটি সংকটাপন্ন সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা। তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল, আবাসিক হলগুলো অনিশ্চয়তায় ছিল এবং প্রশাসনিক কাঠামো কার্যত অচল হয়ে পড়েছিল। সে পরিস্থিতিতে প্রথম লক্ষ্য ছিল একাডেমিক কার্যক্রম সচল করা এবং বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনা।