গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
Donald Trump আবারও গ্রিনল্যান্ড প্রসঙ্গে আলোচনায় এসেছেন। এর আগে অঞ্চলটি অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে একটি “দুর্দান্ত হাসপাতাল জাহাজ” পাঠাতে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অসুস্থ ও অযত্নে থাকা মানুষের সেবার জন্য এই জাহাজ পাঠানো হবে।
তবে পোস্টে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। উল্লেখ্য, গ্রিনল্যান্ড ও ডেনমার্কে রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যমান।
প্রসঙ্গত, মার্কিন নৌবাহিনীর দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে— USNS Mercy এবং USNS Comfort। এগুলো মূলত সামরিক সদস্যদের চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ ও মানবিক কার্যক্রমে ব্যবহৃত হয়।
সবশেষ ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় ইউএসএনএস কমফোর্টকে নিউইয়র্ক সিটিতে মোতায়েন করা হয়েছিল, যখন শহরটি ভাইরাস সংক্রমণের অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল।