ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত, সাতজনের মৃত্যু
ভারতের ঝাড়খণ্ডে রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুল্যান্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ ও যোগাযোগ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট সি–৯০ মডেলের, যা পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করার প্রায় ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, কলকাতার নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। পরে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া থানার এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মধ্যবর্তী কোনো স্থানে দুর্ঘটনা ঘটেছে।
বিমানে দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ ছাড়াও ছিলেন গুরুতর দগ্ধ এক রোগী, তার দুই সহকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ সম্পন্ন করেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত শুরু করতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি