সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে শতাধিক দুর্নীতির অভিযোগ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুদকের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ জমা পড়ছে, তাতে অভিযোগের সংখ্যায় নতুন রেকর্ড হতে পারে। অধিকাংশ অভিযোগই নাম প্রকাশ না করে জমা দেওয়া হলেও কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা নিজেদের পরিচয় উল্লেখ করেছেন।
দুদক সূত্র জানায়, অন্যান্য অভিযোগের মতোই এসব অভিযোগও নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়; তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সূত্রের দাবি, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে জমা দেওয়া অভিযোগগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট আর্থিক অনিয়ম, ট্রাস্ট গঠন করে অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি এবং অর্থ বিদেশে পাচারের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
এছাড়া সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ পাচারসহ একাধিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়নসহ বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।