ইরান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, রিয়াদে বিস্ফোরণের খবর
ইরান–এর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এএফপি (AFP)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের উৎস, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে ইরানে চালানো সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে দিমিত্রি মেদভেদেভ বলেন, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন তাদের ‘আসল রূপ’ প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি অভিযানের ঘটনাকে আন্তর্জাতিক কূটনীতির জন্য ‘চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে ইরানের আকাশ ও সমুদ্রপথে চালানো যৌথ হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।