ইরান সংঘাত নিয়ে কঠোর বার্তা ট্রাম্পের, আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, চলমান সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং নির্ধারিত সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
ভিডিও বক্তব্যে ট্রাম্প বলেন, সংঘাত চলতে থাকায় আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে, যা তিনি “দুঃখজনক হলেও অনিবার্য” বলে উল্লেখ করেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এটিই একমাত্র পথ এবং যুক্তরাষ্ট্র তাদের নিহত সেনাদের প্রতিশোধ নেবে।
তিনি আরও বলেন, যারা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক হামলা চালানো হবে। একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও সামরিক সংশ্লিষ্ট সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, আত্মসমর্পণ করলে সম্পূর্ণ দায়মুক্তির সুযোগ দেওয়া হতে পারে।
তবে সতর্কবার্তায় ট্রাম্প বলেন, আহ্বান উপেক্ষা করা হলে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। সংঘাতের এই অবস্থায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি