ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না: লারিজানি
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছিল, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লারিজানির মন্তব্য সেই গুঞ্জন ভেস্তে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, লেবানন থেকে মিসাইল ছোড়ার পর বৈরুত সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশকে ‘প্রক্সি সংঘাতে’ না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েল এদিন দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার চূড়ান্ত সতর্কতা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, হিজবুল্লাহর সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়বে।
অপর দিকে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ছয়টি দেশ অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
মার্কিন জনমতের জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান এই সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন, যেখানে ৪৩ শতাংশ সরাসরি বিরোধিতা করেছেন।