শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বহাঁটুর চোটে ভুগছেন এমবাপ্পে, চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে ফ্রান্সে পরামর্শ

হাঁটুর চোটে ভুগছেন এমবাপ্পে, চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে ফ্রান্সে পরামর্শ

favicon
ভোরের আলো ডেস্ক:
হাঁটুর চোটে ভুগছেন এমবাপ্পে, চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে ফ্রান্সে পরামর্শ

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ-এর জার্সিতে দুর্দান্ত সূচনা করেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে বাঁ হাঁটুর চোটে ছিটকে পড়ায় তার পারফরম্যান্সে ছন্দপতন ঘটেছে। চোটের সঠিক চিকিৎসা নিয়ে ক্লাবের মেডিক্যাল টিমের ওপর অসন্তুষ্ট হয়ে তিনি ফ্রান্সে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ডিসেম্বর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপ্পে। চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত তিন মাসে চোটের কার্যকর সমাধান দিতে না পারায় রিয়ালের মেডিক্যাল টিমের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদ তার ফ্রান্স সফরের অনুমতি দিয়েছে। এমবাপ্পের বিশ্বাস, বাইরের বিশেষজ্ঞদের মতামত চিকিৎসা প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথম হাঁটুর সমস্যা অনুভব করেন তিনি। শুরুতে ইন্টার্নাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যা ধরা পড়লেও বর্তমানে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে জটিলতার আশঙ্কা করা হচ্ছে। চোটের সঠিক ধরন নির্ধারণই এখন প্রধান লক্ষ্য।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১১ মার্চের ম্যাচে তার খেলা অনিশ্চিত। দ্বিতীয় লেগ ১৮ মার্চ। ক্লাব আশা করছে, অন্তত দ্বিতীয় লেগের আগে তিনি দলে ফিরতে পারবেন। তবে প্রয়োজনে অস্ত্রোপচার করলে মাঠে ফেরার সময় আরও পিছিয়ে যেতে পারে।

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬ ম্যাচে ৩৯ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। লা লিগায় ২৩ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় আছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে করেছেন ১৩ গোল।