উপসাগরে উত্তেজনা: ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অভিযান জোরদার করেছে ইরান। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ মার্চ) ওমানের দুকম বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানায়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করার একদিন পর। এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার খবর প্রকাশিত হয়, যার প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষ দিকেও ওমানের বাণিজ্যিক এই বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একজন শ্রমিক আহত হন।
উপসাগরীয় অঞ্চলে টানাপোড়েন বাড়তে থাকায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সৌদি আরবও তাদের বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে স্থগিত রেখেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।