শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত আদায় করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর ব্যবস্থাপনায় জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত কার্যবিবরণীতে বিষয়টি জানানো হয়। সভায় ঈদের জামাত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ পাশে আলাদা প্রবেশপথ ও আসনের ব্যবস্থা রাখার বিষয়টি প্রচার করতে বলা হয়েছে। প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেমের নাম, কোরআন তিলাওয়াতের জন্য তিনজন কারির নাম এবং উপস্থাপনার জন্য তিনজনের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন কারি ও বিকল্প কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক চূড়ান্ত করবে মন্ত্রণালয়।

ঈদের নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ, নাত ও ইসলামী গজল পরিবেশনের ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় প্যান্ডেলে ত্রিপল স্থাপন, ওজু ও পানির ট্যাপ, মোবাইল টয়লেট এবং সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অতিরিক্ত বৃষ্টি হলে পানি অপসারণে গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মাঠের চারপাশে মোবাইল টয়লেট স্থাপন করা হবে এবং ঈদের দিন বিশেষ চিকিৎসা দল প্রস্তুত থাকবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া, আগের বছরের মতো প্রথম কাতার দীর্ঘ করা হবে, যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে অবস্থান করতে পারেন।