শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানের শাসনব্যবস্থা উৎখাতে যুক্তরাষ্ট্রের চেষ্টা, অভিযোগ রাশিয়ার

ইরানের শাসনব্যবস্থা উৎখাতে যুক্তরাষ্ট্রের চেষ্টা, অভিযোগ রাশিয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের শাসনব্যবস্থা উৎখাতে যুক্তরাষ্ট্রের চেষ্টা, অভিযোগ রাশিয়ার

ইরানের কথিত হুমকিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশটির সাংবিধানিক শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে রাশিয়া। বুধবার দেওয়া এক বক্তব্যে এ ধরনের উদ্যোগকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে আখ্যা দেন দেশটির কর্মকর্তারা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আসলে শাসন পরিবর্তনের পরিকল্পনা আড়াল করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে।

ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারি চুক্তি রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুকে ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানান।

জাখারোভা বলেন, বহু বছর ধরে উত্থাপিত তথাকথিত ইরানি হুমকি আসলে একটি সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক শাসনব্যবস্থা সহিংসভাবে উৎখাতের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের অজুহাত। তার ভাষায়, যে রাষ্ট্রকে ওয়াশিংটন ও তেল আবিব পছন্দ করে না, তার বিরুদ্ধেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম উল্লেখ না করে তিনি ইরানের ধর্মীয় নেতৃত্বের কাছ থেকে ক্ষমতা দখলের আহ্বানের সমালোচনা করেন। তার মতে, পশ্চিমা দেশগুলো যখন ইরানিদের হাতে থাকা ক্ষমতাকেই কার্যত ছিনিয়ে নিচ্ছে, তখন আবার তাদেরই ক্ষমতা দখলের আহ্বান জানানো আরও বেশি নিষ্ঠুর ও অমানবিক।