খামেনির মৃত্যুর পাঁচ দিন পর ইরানের সঙ্গে যোগাযোগ, শোক জানাল ভারত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর এ তথ্য জানান। তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
একই দিনে নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি খামেনির মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন এবং দূতাবাসে রাখা শোকপত্রে স্বাক্ষর করেন।
তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিন্দা জানায়নি ভারত সরকার। উল্লেখ্য, কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেছিলেন। তার সেই সফর শেষ হওয়ার পরপরই ইরানে হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ভারতের অবস্থান নিয়ে দেশটির বিরোধী মহলে নানা প্রশ্ন উঠেছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হবে। দীর্ঘ ৩৬ বছর ইরানের নেতৃত্বে থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে। এখানেই তার পিতার কবরও রয়েছে।