ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পাঁচ দিন বন্ধ থাকার পর ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন পুনরায় চালু করা হয়েছে। তবে চালু হওয়ার একদিনের মধ্যেই সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ভোরে প্রায় এক টন ওজনের ওয়ারহেড বহনকারী অত্যাধুনিক ‘খোররামশাহ–৪’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে থাকা ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পুনরায় চালুর পর গ্রিসের রাজধানী এথেন্স থেকে একটি বিশেষ উড়োজাহাজ প্রথম সেখানে অবতরণ করে। এতে বিভিন্ন দেশে আটকে থাকা ইসরায়েলি নাগরিকরা দেশে ফিরেছেন।
ইসরায়েলি বিমান সংস্থাগুলোর ধারণা, বিমানবন্দর বন্ধ থাকার সময় বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছিলেন।