নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজে উপস্থিত ছিলেন কিম জং উন
বিশ্ব পরিস্থিতি যখন উত্তেজনাপূর্ণ, ঠিক সেই সময় নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বুধবার (৫ মার্চ) দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো জাহাজ নির্মাণঘাট থেকে ‘চো হিওন’ নামের নতুন যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি থেকেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।