আন্তর্জাতিক শিশু যৌন শোষণ চক্রের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক শিশু যৌন শোষণ ও পাচার চক্র পরিচালনার অভিযোগে পলাতক বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে।
শুক্রবার সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র পরিচালনার অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য মার্কিন গোয়েন্দারা তৎপরতা শুরু করে। কুয়ালালামপুরে সংস্থাটির শাখা ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কার একটি বিশেষ জুরি বোর্ড জোবাইদুল আমিনের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগ গঠন করে। অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।