শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপুরোনো রাজনীতিকে পেছনে ফেলে নেপালে তরুণদের উত্থান, এগিয়ে বালেন্দ্র শাহ

পুরোনো রাজনীতিকে পেছনে ফেলে নেপালে তরুণদের উত্থান, এগিয়ে বালেন্দ্র শাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
পুরোনো রাজনীতিকে পেছনে ফেলে নেপালে তরুণদের উত্থান, এগিয়ে বালেন্দ্র শাহ

নেপালের সাম্প্রতিক গণআন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় সাফল্যের পথে রয়েছেন র‌্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনে এগিয়ে আছেন।

নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দলটি ইতিমধ্যে ১৮টি আসনে জয় পেয়েছে এবং আরও ৯৯টি আসনে এগিয়ে রয়েছে।

কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই আসনটি দীর্ঘদিন ধরে চারবারের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে বালেন্দ্র শাহ প্রায় ১৫ হাজারের বেশি ভোট পেয়েছেন, যেখানে কেপি শর্মা অলির ভোট প্রায় ৩ হাজার ৩০০।

বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সমর্থনই বালেন্দ্র শাহের উত্থানের বড় কারণ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি তরুণদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

গত বছরের তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের পর এটিই নেপালের প্রথম সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ ভোটার এতে অংশ নিয়েছেন এবং তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এই নির্বাচনে প্রায় ১ কোটি ৮৯ লাখ ভোটার ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদ গঠনের জন্য ভোট দিয়েছেন। এর মধ্যে সরাসরি ভোটে ১৬৫ জন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আরও ১১০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন।