উত্তর কলকাতায় বন্ধ ক্লাবের মধ্যে ভোরে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায় শনিবার (৭ মার্চ) ভোর ৬টা ১১ মিনিটে একটি বন্ধ ক্লাবের ভেতরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পাশের ছয়তলা আবাসনের ছাদে পড়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ভোরে বাসিন্দারা ঘুমে থাকাকালীন পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধাক্কায় ক্লাবের লোহার গেটটি উপড়ে অনেক দূরে গিয়ে পড়ে এবং পাশের বাড়িগুলোর জানালার কাচ ভেঙে যায়। সিসিটিভি ফুটেজেও এই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। অনেকে ভূমিকম্প মনে করে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।
খবর পেয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বন্ধ ক্লাব থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুষ্কৃতিরা এই ক্লাবকে বোমা মজুদ করার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছিল।