ইরানের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত কুর্দি বিদ্রোহীরা
ইরাক-এর ইরান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া কুর্দি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইরান-এর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তবে তাদের আশা, সরাসরি হস্তক্ষেপের আগেই ইরানে একটি গণ-অভ্যুত্থান ঘটবে—যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক বা না থাকুক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে কুর্দিদের ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে থাকার ইঙ্গিত দিলেও পরে অবস্থান বদলে বলেন, তিনি এমন আক্রমণ চান না।
কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি (পিজেএকে)-এর জ্যেষ্ঠ কমান্ডার রোকেন নেরাদা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, “যদি কুর্দি জনগণের ওপর আক্রমণ হয়, তাহলে আমরা সব ধরনের উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত, যেমনটি আমরা সবসময় করে আসছি।”
১৭ বছর আগে বিদ্রোহী দলে যোগ দেওয়া ৩৯ বছর বয়সী নেরাদা বলেন, তাদের অধিকার আদায়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সাহায্য প্রয়োজন হবে না বলেই তিনি মনে করেন।
অন্যান্য ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর মতো পিজেএকের ঘাঁটিও রয়েছে ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ে। পাশাপাশি ইরানের কুর্দি অধ্যুষিত এলাকাতেও তাদের গোপন আস্তানা রয়েছে।
ইরান সরকার কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অতীতে সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে এসব গোষ্ঠীর সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়েছে।