ইরানের বিরুদ্ধে হামলা ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১০ মার্চ) ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুদ্ধটি পরিকল্পনার তুলনায় দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এর আগে তিনি ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানজুড়ে প্রায় ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী।
তার দাবি অনুযায়ী, ওই দিনই যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।