নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে দৃঢ়: কিম জং উন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উত্তর কোরিয়ার নারীদের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি বলেন, নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সোমবার (৯ মার্চ) রাজধানী পিয়ংইয়ং-এ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া রাষ্ট্রীয় ভাষণে তিনি নারীদের ‘বিপ্লবের দৃঢ় ভিত্তি’ হিসেবে অভিহিত করেন। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
ভাষণে কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার নারীদের মুখে সাহসের ছাপ এবং শরীরের বলিরেখা তাদের কঠোর পরিশ্রমের প্রমাণ। তার মতে, এই নারীরাই আধুনিক বিপ্লবের অন্যতম প্রধান শক্তি।
অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু-এ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার মেয়ের নাম উল্লেখ না করে তাকে ‘প্রিয় কন্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিভিন্ন রাষ্ট্রীয় ও সামরিক অনুষ্ঠানে কিমের মেয়ের উপস্থিতি ভবিষ্যতে তাকে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনার ইঙ্গিত হতে পারে।
অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থ দলীয় কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। কিমের বক্তৃতার পর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সূত্র: ফার্স্টপোস্ট।