তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতির ঘোষণা
রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য নিজেদের সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে ইরান।
মঙ্গলবার (১০ মার্চ) চালানো এসব হামলায় তেহরান, ইসফাহান, তাবরিজ, আহভাজসহ কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তেহরানে অবস্থানরত আলজাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
এদিকে ইরান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা পদক্ষেপ অব্যাহত থাকবে। দেশটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ অবশিষ্ট নেই।
তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার এ বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার পরিবর্তে আরও বাড়তে পারে।