আজ ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে আজ সবচেয়ে তীব্র হামলা চালানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আঘাত জোরদার করায় আজকের দিনটি হবে ‘সবচেয়ে তীব্র আঘাতের দিন’।
তবে একই সঙ্গে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরান তুলনামূলকভাবে কম সংখ্যক অস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে মার্কিন জেনারেল ড্যান কেইন তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত এ যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
সংঘাতের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, যৌথ বাহিনী তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্রের স্বার্থ হুমকির মুখে পড়ার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীর সক্ষমতা দুর্বল করতে হামলা চালানো এবং ভবিষ্যতে যেন ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করা।
জেনারেল কেইন আরও জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার মতে, এ হামলার পরিমাণ প্রায় ৯০ শতাংশ কমেছে।
তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের মাইন স্থাপনের সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ অভিযানকে তিনি ‘কঠিন ও নিরলস কাজ’ হিসেবে উল্লেখ করে যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।