ইসরায়েলের হাইফা-তেল আবিবে আইআরজিসির ৩৭তম দফার হামলার দাবি
ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চালানো এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। পাশাপাশি বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়।
এ ছাড়া ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
সূত্র: আল-জাজিরা