হোয়াইট হাউসের নিকট নিরাপত্তা ব্যারিকেড ভেঙে গাড়ি প্রবেশ, চালক আটক
ওয়াশিংটনের ডাউনটাউনে বুধবার ভোরে হোয়াইট হাউসের নিকটবর্তী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে একটি গাড়ি প্রবেশ করেছে। ঘটনাস্থলেই গাড়ির চালককে আটক করা হয়েছে। কোনো হতাহতের খবর নেই।
ঘটনাটি লাফায়েত স্কয়ার এলাকায় ঘটেছে, যা হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত। প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস জানায়, তারা একটি ‘সন্দেহজনক যানবাহন’-সংক্রান্ত ঘটনা তদন্ত করছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ হোয়াইট হাউসের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়, যার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নগরকর্মীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবা সংস্থার যানবাহন মোতায়েন করা হয়েছে।