শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধের দুই সপ্তাহ পরও ইরানের সরকার পতনের লক্ষণ নেই: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

যুদ্ধের দুই সপ্তাহ পরও ইরানের সরকার পতনের লক্ষণ নেই: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধের দুই সপ্তাহ পরও ইরানের সরকার পতনের লক্ষণ নেই: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ পরও ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ তথ্য উঠে এসেছে CNN-এর এক প্রতিবেদনে।

গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী ইরানের ক্ষমতাসীন সরকার এখনো দেশের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং অচিরেই সরকারের পতনের ঝুঁকি তৈরি হয়নি।

যুদ্ধ চলাকালে বোমা হামলায় ইরানের বহু জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এছাড়া হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

তবে এসব আঘাত সত্ত্বেও ইরানের সরকারের ক্ষমতা ধরে রাখার সক্ষমতায় এখনো বড় ধরনের সংকট তৈরি হয়নি বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ও নৌ সক্ষমতাকে দুর্বল করা। সরকারের পতন হলে তা যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তবে সেটিই প্রধান উদ্দেশ্য নয়।

যুদ্ধ শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প তেহরানে প্রায় পাঁচ দশক ধরে থাকা ‘সন্ত্রাসী সরকার’-এর কথাও উল্লেখ করেন এবং সংঘাতের প্রথম দিনেই ইরানের জনগণকে সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানান। পরে তিনি ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবিও জানান এবং হামলা বন্ধের আগে তা প্রয়োজন বলে মন্তব্য করেন।