রাশিয়ার তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত
রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রায় ৩০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়-এর অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি বিশেষ লাইসেন্স ইস্যু করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন এই লাইসেন্স ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।
এর এক দিন আগে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত তেল মজুত থেকে প্রায় ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণাও দেয়।
উল্লেখ্য, ইউক্রেন-এ সামরিক অভিযানের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতির মধ্যেই এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হলো।