শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ভিন্ন দাবি

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ভিন্ন দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ভিন্ন দাবি

ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ইরাক-জর্দান সীমান্তের কাছে তুরাইবিল শহরের নিকটে বৃহস্পতিবার (১২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে এ ঘটনায় ভিন্ন দাবি তুলেছে ইরান

বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার, যা মাঝ আকাশে অন্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। একই সময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল আঘাতে ভূপাতিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মিত্রপক্ষের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করেছে।

বিধ্বস্ত বিমানের ক্রুরা জীবিত আছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিমানটিকে আগুনে জ্বলতে দেখা গেছে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে এটি চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বলে জানা গেছে। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনায় ছয়জন মার্কিন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।