শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বমার্কিন উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করল ব্রাজিল

মার্কিন উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করল ব্রাজিল

favicon
ভোরের আলো ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটি–র ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো–র সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার নিশ্চিত করেন, বিটির ভিসা প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদের ভিসা বাতিল করা হয়েছিল তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা-ও রয়েছেন। গত বছর তার মার্কিন ভিসা বাতিল করা হয়।

রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, বলসোনারোর সঙ্গে দেখা করতে যে আমেরিকান ব্যক্তি ব্রাজিলে আসতে চেয়েছিলেন তাকে নিষিদ্ধ করা হয়েছে। যতদিন না তার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন বিটিকে ব্রাজিলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে ব্রাজিলীয় কর্মকর্তারা সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, বিটি তার ভিসা আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন।

উল্লেখ্য, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বলসোনারো ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনারই প্রতিফলন।