ইরানের বিপ্লবী গার্ড নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আইআরজিসি জানিয়েছে, নেতানিয়াহু জীবিত থাকলে তাকে ধাওয়া এবং হত্যা অভিযান অব্যাহত রাখবে।
বিপ্লবী গার্ডসের নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু-হত্যাকারী অপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই তার অনুপস্থিতি ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও অন্যান্য মন্ত্রীরা পালন করেন। সাধারণত এই ধরনের বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখন পর্যন্ত তার অনুপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এ পরিস্থিতির মধ্যে আইআরজিসির পক্ষ থেকে নেতানিয়াহুর ওপর হত্যার হুঁশিয়ারি আরও উদ্বেগ সৃষ্টি করেছে।