শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বতেল রপ্তানি শুরুতে প্রস্তুত ইরাক, শর্ত দিল কুর্দি আঞ্চলিক সরকার

তেল রপ্তানি শুরুতে প্রস্তুত ইরাক, শর্ত দিল কুর্দি আঞ্চলিক সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
তেল রপ্তানি শুরুতে প্রস্তুত ইরাক, শর্ত দিল কুর্দি আঞ্চলিক সরকার

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা চরমে পৌঁছেছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। এমন পরিস্থিতিতে তেল রপ্তানি পুনরায় শুরু করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ইরাকের কেন্দ্রীয় সরকার। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শর্তারোপ করেছে দেশটির কুর্দি আঞ্চলিক প্রশাসন।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় তেল রপ্তানি পুনরায় শুরু করতে প্রস্তুত। কিন্তু কুর্দি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে কয়েকটি শর্ত দিয়েছে, যা রপ্তানি কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইরাক মূলত দুটি পথ দিয়ে তেল রপ্তানি করে। এর একটি দক্ষিণাঞ্চলের পাইপলাইন বা বাসরাহ টার্মিনাল, যার মাধ্যমে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে তেল পাঠানো হয়। অন্যটি উত্তরাঞ্চলীয় পাইপলাইন, যা কুর্দিস্তান অঞ্চল হয়ে তুরস্কের চেইহান বন্দরে গিয়ে পৌঁছেছে।

ইরাকের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুর্দি অঞ্চলের পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় তিন লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করা সম্ভব এবং তারা এই প্রক্রিয়া পুনরায় চালু করতে প্রস্তুত।

এ ছাড়া আগে যেসব ক্ষেত্র থেকে তেল রপ্তানি হতো সেগুলোও সচল রাখা হলে ওই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় নয় লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে কুর্দি আঞ্চলিক সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনই তেল রপ্তানি পুনরায় শুরু করতে রাজি নয়। এ বিষয়ে তারা কয়েকটি শর্ত দিয়েছে, যা নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।