হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্রদের সহায়তা না পেলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প
হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুবই খারাপ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প চীনসহ ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াকে এই গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষিত রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে বিবেচিত।
তবে সোমবার জাপান ও অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, এই নৌপথে জাহাজ পাহারা দেওয়ার জন্য তারা কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আশা করেন চীন প্রণালীটি সুরক্ষিত রাখতে সহায়তা করবে। অন্যথায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠক বিলম্বিত হতে পারে। তিনি বলেন, চীন তাদের তেলের প্রায় ৯০ শতাংশ এই প্রণালী দিয়ে পায়, তাই তাদেরও এ বিষয়ে ভূমিকা রাখা উচিত।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, রাষ্ট্রপ্রধানদের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। উভয় দেশ ট্রাম্পের সম্ভাব্য সফর নিয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনা বাণিজ্যিক পথকে ব্যাহত করছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ক্ষতিগ্রস্ত করছে। তাই সব পক্ষকে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।
এর আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, প্রায় সাতটি দেশের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি সতর্ক করে বলেন, কেউ সহায়তা না করলে তা তিনি মনে রাখবেন।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে এবং ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরব জানিয়েছে, তারা কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: বিবিসি বাংলা