ডিমোনার পারমাণবিক স্থাপনার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু
দক্ষিণ ইসরায়েলর ডিমোনা শহরে একটি পারমাণবিক স্থাপনার কাছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ডিমোনার কাছাকাছি অবস্থিত পারমাণবিক গবেষণা কেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাদের কাছে নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। আইএইএ আরও জানিয়েছে, এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, পারমাণবিক স্থাপনার আশপাশে সর্বোচ্চ সামরিক সংযম দেখানো জরুরি।
এদিকে ইসরায়েলের অ্যাম্বুল্যান্স সেবা জানিয়েছে, ডিমোনায় হামলার পর ৪০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৩৭ জনের আঘাত সামান্য হলেও ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা গুরুতর। পাশাপাশি নিকটবর্তী আরাদ শহরে পৃথক হামলায় আরও ৬৮ জন চিকিৎসাধীন রয়েছে।