হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি খুলে না দিলে ইরানর বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
পোস্টে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করবে। এমনকি সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে প্রথম হামলা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে তিনি সবচেয়ে বড় হিসেবে উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে।
এদিকে ট্রাম্পের এই হুমকির পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
উল্লেখ্য, এর একদিন আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা কমানোর কথা বলেছিলেন। তবে হরমুজ প্রণালি নিয়ে প্রশ্নের জবাবে তিনি তখন বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, ‘একসময় এটি নিজে থেকেই খুলে যাবে।’