পাকিস্তানে হামলা হলে মুম্বাই-দিল্লিতে পাল্টা আঘাতের হুমকি সাবেক হাইকমিশনারের
পাকিস্তানে কোনো বিদেশি শক্তির হামলা হলে পাল্টা জবাবে ভারতের মুম্বাই ও নয়াদিল্লিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক প্রশ্নের জবাবে আব্দুল বাসিত বলেন, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে কোনো ধরনের দ্বিধা ছাড়াই ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা চালানো হতে পারে। বিশেষ করে মুম্বাই ও নয়াদিল্লির নাম উল্লেখ করে তিনি বলেন, “পরে যা হওয়ার হবে, দেখা যাবে।”
তবে তিনি এ অবস্থানকে ‘চরম পরিস্থিতির’ প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন এবং এমন পরিস্থিতি কেউই কামনা করে না বলেও মন্তব্য করেন।
তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের বড় শহরগুলোর নাম সরাসরি উল্লেখ করায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।